তৌকীর-বিজরীর ‘ঘুণপোকার ভালোবাসা’

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:২৯
অনেকদিন পর একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ ও বিজরী বরকতউল্লাহ। ঈদ উপলক্ষে নির্মিত টেলিছবি ‘ঘুণপোকার ভালোবাসা’-তে জুটি হিসেবে দেখা যাবে তাদেরকে। গল্পে দেখা যাবে, ঘুণপোকা যেমন সুযোগ পেয়ে কাঠের ক্ষতি করে তেমনি স্বামী-স্ত্রীর সুন্দর সাজানো সংসারে ঘুণপোকা রূপী এক অদেখা ভালোবাসার বসত গড়ে উঠে। যেমনটি গড়ে ওঠে নয়ন-মনির সংসারে। নয়নের মধ্যে কাজ করে একটা মোহ। শ্রেয়াকে তার ভালো লাগতে থাকে। মনির সাথে যাপিত জীবন তার একঘেয়ে মনে হচ্ছিল। মনি যখন বিষয়টি জেনে যায় তখন সে নয়নের সাথে থাকবে না বলে সিদ্ধান্ত নেয়। নয়নের একদিকে তার এক সময়ের অকৃত্রিম প্রেম অন্যদিকে সাময়িক মোহ। শেষ পর্যন্ত কোন দিকে যাবে নয়ন? সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ঈদের ৭ম দিন পর্যন্ত। ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।