মেক্সিকোর নৌসেনারা সোমবার ভয়ঙ্কর মাদক ব্যবসায়ীচক্র জেতাস প্রধানকে হাতেনাতে গ্রেফতার করেছে। কর্মকর্তারা বলেছেন, সহিংসতা রোধে এই গ্রেফতারের ঘটনা নতুন সরকারের বিরাট সাফল্য। কর্মকর্তারা জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের টেক্সাস সীমান্ত সংলগ্ন ন্যুডো লারেদো নগরীতে অপর দুই ব্যক্তির সঙ্গে মিগুয়েল অ্যাঞ্জেল ট্রিভিনো ওরফে ‘জেড-৪০’কে আটক করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘সোমবার ভোরে মিগুয়েল অ্যাঞ্জেল ট্রিভিনোর গ্রেফতার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জেতাস মেক্সিকোর অত্যন্ত শক্তিশালী ও আতঙ্ক সৃষ্টিকারী একটি অপরাধীচক্র। সাবেক সেনাদের নিয়ে গঠিত এই চক্রটি তাদের বর্বরতার জন্য কুখ্যাত।
জেতাস মূলত মাদকচক্র গালফ কার্টেলের সশস্ত্র গ্রুপ হিসেবে কাজ করে। তবে ২০১০ সালে দুই গ্রুপে ভাগ হয়ে যায়। এতে দেশের উত্তরাঞ্চলে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে। মাদকচক্র যুক্তরাষ্ট্রের দিকে যাওয়া আকর্ষণীয় মাদক রুটের নিয়ন্ত্রণের জন্য সিনালোয়ার সঙ্গে জেতাস লড়াই করছে।
