রাষ্ট্রপতি পদে বর্ষপূর্তিতে জনগণের কাছে রিপোর্ট পেশ করবেন প্রণব মুখার্জি

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:৪৯
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ২৫ জুলাই রাষ্ট্রক্ষমতার শীর্ষপদে তার বর্ষপূর্তি উপলক্ষে জনগণের কাছে রিপোর্ট পেশ করার কথা ভাবছেন। রাষ্ট্রপতির এক বছরের কর্মকাণ্ডের বিবরণ সম্বলিত এই রিপোর্টটি রাষ্ট্রপতি কার্যালয় থেকে এ ধরনের প্রথম পদক্ষেপ। সূত্র জানায়, রাষ্ট্রপতি ভবনকে সাধারণ মানুষের কাছাকাছি আনার প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যে এ রিপোর্ট পেশ করার কথা ভাবা হচ্ছে। হিন্দুস্তান টাইমস পত্রিকার খবরে বলা হয়, এ রিপোর্ট প্রকাশের আরও লক্ষ্য হলো, ভারতের এক নম্বর নাগরিক ব্যস্ত রাজনৈতিক জীবন থেকে অবসর নিলেও তিনি তার স্বীয় পদে সক্রিয় রয়েছেন। এ রিপোর্ট থেকে দেখা যাবে যে, প্রণব বিদেশ সফর করেছেন তার পূর্বসূরি প্রতিভা পাতিলের তুলনায় অনেক কম। তিনি বিগত এক বছরে মাত্র দুইটি দেশ সফর করেছেন। কিন্তু দেশের প্রতিটি রাজ্য সফর করেছেন। রাষ্ট্রপতি ভবনের অংশ বিশেষ সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া, রাষ্ট্রপতি ভবনের সকল কর্মচারীর পরিবারের সদস্যদের রাষ্ট্রপতি ভবনের ক্রীড়ার সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগদান এবং আনুষ্ঠানিক উপাধি ব্যবহার না করা ইত্যাদি পদক্ষেপ সাধারণ মানুষের কাছে পৌঁছার প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হয়েছে। রিপোর্টে তার বক্তৃতার একটি তালিকা এবং সামাজিক ক্ষেত্র, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার সরাসরি হস্তক্ষেপের বিষয়াদিও রিপোর্টে তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।