সরকারি খাতে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার প্রতিবাদে গ্রিসে সরকারের বিরুদ্ধে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট শুরু করেছে শ্রমিক ইউনিয়নগুলো। এতে গ্রিসে থমকে গেছে জনজীবন। ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং হাসপাতালগুলোতে কেবলমাত্র জরুরি সেবা চালু রয়েছে। দেশের অর্থনীতির হাল ধরে রাখতে গেলে বিদেশি ঋণদাতাদের কাছ থেকে নতুন করে ৬৮০ কোটি ইউরো বেইলআউট তহবিল পেতে গ্রিস সরকারকে এ সপ্তাহেই বিল পাস করতে হবে। আর তা করতে গেলে শর্তানুযায়ী ব্যয় সঙ্কোচনের জন্য কর্মী ছাঁটাইসহ অন্যান্য পদক্ষেপ নিতে হবে গ্রিসকে। কিন্তু গ্রিসে বেকারত্বের হার প্রায় ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এরকম একটি সময়ে চাকরিতে সরকারের লোক ছাঁটাইয়ের পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে জনগণ। সরকারের আপত্তিকর কৃচ্ছ্র পরিকল্পনা নিয়ে কয়েকদিন ধরেই বিক্ষোভ দানা বেঁধেছে। মঙ্গলবার কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে আরো বড় বিক্ষোভ-ধর্মঘটের মুখে পড়েছে সরকার।
