বিহারে বিষাক্ত খাবার খেয়ে ২১ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:৫০
ভারতের বিহার রাজ্যে একটি প্রাইমারি স্কুলে বিনামূল্যে দেয়া দুপুরের খাবার খেয়ে ২১ শিশু মারা গেছে। এতে অসুস্থ হয়ে পড়া আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। পাটনা থেকে ৮০ কিঃমিঃ উত্তরে মাসরাখ নামক স্থানে মঙ্গলবার এ ঘটনা ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট অভিজিত্ সিনহা বলেন, প্রায় ৫০ শিশু দুপুরের খাবার খেয়ে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের স্কুলে নিয়ে আসা হলে দুই শিশু মারা যায়। এ সময় তারা আমাদের কাছে আসে এবং আরো সাত শিশু মারা যায়। ওই মুহূর্তে আমরা দ্রুত শিশুদের চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করি। চিকিত্সকরা বিদেশি রাসায়নিকের উপস্থিতি আবিষ্কার করেন। কয়েকটি শিশুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিত্সকরা শিশুদের বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালান। কিন্তু খাদ্যে বিষের মাত্রা এতটাই তীব্র ছিল যে তাদের সবাইকে বাঁচানো সম্ভব হয়নি। সন্ধ্যায় শত শত মানুষ স্থানীয় পুলিশ স্টেশন ঘেরাও করে স্কুলটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে রাজ্যের শিক্ষা মন্ত্রী পি.কে. শাহি জানান, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ওই খাবার ফসফরাস দ্বারা দূষিত হয়েছে, যা গম ও চাল সংরক্ষণের কাজে ব্যবহূত হয়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিতিশ কুমার তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে তিনি নিহত শিশুদের পরিবার প্রতি দুই লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। কর্তৃপক্ষ এ ঘটনার পর খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত এবং স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।