পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৬ আগস্ট

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:৫১
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। গতকাল দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। ফলে আগামী ঈদ-উল ফিতরের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খবর ডন-এর। আগামী ২৪ জুলাই মনোয়নপত্র জমা দিতে হবে। ২৬ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জুলাই। ওই দিনই প্রার্থীদের তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৭ আগস্ট। সোমবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর জানিয়েছেন, প্রেসিডেন্ট জারদারি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করবেন না এবং নির্বাচনে প্রার্থীও হবেন না। আগামী ৮ সেপ্টেম্বর জারদারির মেয়াদ শেষ হবে।