চীনের প্রবৃদ্ধিতে ইউরোপে স্বস্তি
চীনের অর্থনীতিকে ঘিরে অনিশ্চয়তা কাটার ফলে ইউরোপের স্বার্থও রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশিত হবার পর গোটা বিশ্বের মতো ইউরোপের পুঁজি-বাজারও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ আমেরিকা ও ইউরোপের দুর্বলতার মাঝে চীনের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের নতুন নেতৃত্ব শুধু রপ্তানির উপর নির্ভর না করে দেশের মধ্যে চাহিদা বাড়ানোর উপর জোর দিচ্ছে। —এএফপি
পরিবেশ বাঁচাতে
নিরামিষভোজন
বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, নিরামিষাশী হওয়ার মধ্য দিয়ে অত্যন্ত কার্যকরভাবে বিশ্ব উষ্ণায়ন রোধ করা যেতে পারে। সামপ্রতিক এক জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কু-প্রভাব মোকাবেলায় নিরামিষ খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী, ১৮ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমণ ঘটে মাংস ভক্ষণের কারণে। আর ২০০৯ সালে ওয়ার্ল্ড ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী এ হার প্রায় ৫০ শতাংশ।—রয়টার্স
স্থূলতায় হাড়ের রোগের
আশংকা
অতিশয় স্থূলতা বা মেদবাহুল্য হাড়কে দুর্বল করে ভঙ্গুর করে তুলতে পারে। ফলে অতিকায় স্থূল মানুষদের হাড়ের রোগ অস্টিওপোরোসিসে ভোগার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের গবেষকরা গবেষণা করে দেখেছেন, বেশি ওজনের মানুষদের হাড়ের ভেতরে চর্বি জমে থাকে। এতে করে হাড় দুর্বল হয়ে পড়ে এবং যে কোন সময়ই ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। স্বাস্থ্যবান স্থূলকায় ১০৬ জন নারী-পুরুষের দেহ স্ক্যান করে এ তথ্য পেয়েছে বস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের
গবেষক দল।
—বিবিসি
