একটি চিঠিকে কেন্দ্র করে গত মঙ্গলবার সকালে অফিসের সুপারিন্টেডেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন চিলমারীর ইউএনও। এ ঘটনায় কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার বিকালে ওএসকে একটি চিঠি তৈরি করতে বলেন। ওএস নির্বাহী কর্মকর্তাকে বলেন, মুদ্রাক্ষরিক বাসায় চলে গেছে। এ কথা শুনে ঐ কর্মকর্তা রাগান্বিত হয়ে দ্রুত তাকে ডেকে এনে একটি দাপ্তরিক চিঠি করার নির্দেশ দেন। ওএস ফোন করে ঐ কর্মচারীকে ডাকলে সে ইফতার ও তারাবি শেষে অফিসে আসে। এরপর ওএস তাকে নিয়ে চিঠি তৈরি করে নির্বাহী কর্মকর্তার বাসায় পাঠিয়ে দেয়। বাসায় গেলে কর্মকর্তা ঐ কর্মচারীকে গালাগাল দিয়ে চিঠি ছিঁড়ে ফেলেন এবং তাকে বাসা থেকে বের করে দেন। গত মঙ্গলবার নির্বাহী কর্মকর্তা ওএসসহ সকল কর্মচারীকে ডেকে তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগাল দেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নির্বাহী কর্মকর্তা ওএসকে চড় মারেন। সুপারিন্টেডেন্ট বলেন, আমার বাবাও কোনদিন আমাকে এভাবে মারেননি। নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রাগের মাথায় কাজটি করেছি।
