গৌরীপুরে পাটক্ষেতে অটো চালকের লাশ

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৪
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের লালমা কমিউনিটি ক্লিনিকের পার্শ্ববর্তী একটি পাট ক্ষেত থেকে মঙ্গলবার অটোরিক্সা চালক জব্বার আলীর (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের মোজাফর আলীর পুত্র জব্বার আলী (৬৫) সোমবার সন্ধ্যার পর অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসে। তারাবীর নামাজের পরও এলাকার লোকজন তাকে গাড়ি চালাতে দেখেছেন। রাতে সে বাড়ি না ফেরায় তার মেয়ে ফুলেজা আক্তার ও জুলেকা আক্তার বাবাকে খুঁজতে বেড়িয়ে পড়ে। গৌরীপুর উপজেলার লালমা কমিউনিটি ক্লিনিকের পাশের পাট ক্ষেতে হাত, পা, মুখ বাঁধা একটি লাশ পরে আছে জেনে তা দেখে মেয়েরা তার বাবার লাশ সনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পরিবার ও পুলিশের ধারণা, অটোরিক্সা ছিনতাইকারী চক্র অটোরিক্সাটি ছিনতাই করতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।