টুর্নামেন্ট আয়োজনে প্রধানমন্ত্রীর অনুমতি নিল বাফুফে

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৫
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন। আগামি সেপ্টেম্বর অক্টোবরে ঢাকায় এই টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি নিতে গতকাল বাফুফের সভাপতি সালাহউদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গিয়েছিলেন। বাফুফে সভাপতি টুর্নামেন্টের পুরো পরিকল্পনাটি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি অনুমতি দেন এবং একটি জাঁকজমক পূর্ণ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ দেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সাথে দেশের সার্বিক ফুটবল নিয়ে কথা হয়েছে। অনেক দিন দেশে বড় পরিসরে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয় না। এবার সে লক্ষ্য মাথায় নিয়ে এশিয়ার ফুটবল উন্নত দেশগুলোকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য উদ্যোগ নিয়েছে বাফুফে। টুর্নামেন্টে কাতার, কুয়েত, থাইল্যান্ডসহ আট দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দেশগুলোর সাথে বৈঠক করে তাদেরকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলার জন্য উদ্বুদ্ধ করতে বাফুফে সভাপতি সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন বলে জানা গেছে।