রৌমারীতে টিআরের চাল ফেরতের চিঠি

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৭
গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর) কাজের ৩ মে.টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। আত্মসাত্কৃত চাল ফেরত চেয়ে পত্র দিয়েছেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল খালেক। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে উপজেলা পরিষদে। জানা যায়, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে চলতি অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় চেয়ারম্যান মিজানুর রহমান মিনুর বাড়ি পর্যন্ত ১০০ গজ কাঁচা রাস্তা সংস্কারের জন্য সাড়ে ৫ মে.টন চাল বরাদ্দ করা হয়। কিন্তু চেয়ারম্যান কাজ না করেই ৩ মে.টন চাল আত্মসাত্ করেন। বিষয়টি ইউএনওসহ সংশ্লিষ্ট বিভাগের নজরে আনেন শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্যরা। এ অভিযোগের প্রেক্ষিতে ইউএনও তদন্ত কমিটি গঠন করলে অনিয়মের সত্যতা মেলে। শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিনু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, যেভাবেই হোক রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। কাজেই চাল ফেরত দেয়ার প্রশ্নই আসে না।