১২৬টি পদের একটিতেও নতুন নিয়োগ হয়নি

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৮
বেগমগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করার ৭ বছরেও যন্ত্রপাতি ও শিক্ষকসহ প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বৃটিশ আমলে নোয়াখালীর তাঁতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চৌমুহনীর চৌরাস্তায় স্থাপিত হয় বয়ন বিদ্যালয়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠানটিকে টেক্সটাইল ইনস্টিটিউটে রূপান্তর করা হয়। ২০০৬ সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করা হয়। এ পর্যন্ত বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে দুই ব্যাচ বিদায় নিয়েছে। বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৭/১২/২০১১ তারিখের ৪২২ নং স্মারকে নির্দিষ্ট বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক, টেকনিশিয়ান এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ ১২৬টি পদ সৃষ্টি করা হয়। কিন্তু কোন পদেই নতুন নিয়োগ না হওয়ায় ডিপ্লোমা কোর্সের শিক্ষকদের দিয়ে বি এস সি ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস নেয়া হচ্ছে। এ দিকে গত ০১-০৭-১০ তারিখে যন্ত্রপাতি, বই, কাঁচামাল ক্রয়, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ১৩ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে মাত্র সাড়ে ১২ লক্ষ টাকার বই ব্যতীত কিছুই কেনা হয়নি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকল্প পরিচালকের অপসারণ দাবি করে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে। বর্তমানে ছাত্রাবাস ও শিক্ষকদের নিবাস না থাকায় আবাসন সংকট দেখা দিয়েছে। ডিপ্লোমা কোর্স বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকগণ হতাশায় ভুগছেন। এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল বাছেদ মিয়া জানান, শিক্ষক নিয়োগ না হওয়ায় ডিপ্লোমা পর্যায়ের শিক্ষক দিয়ে ক্লাস নিতে হচ্ছে। এলাকাবাসি পুনরায় ডিপ্লোমা কোর্স করার আবেদন জানিয়েছেন।