সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৯
মৌলভীবাজারে ধাত্রী বিষয়ক প্রশিক্ষণ মৌলভীবাজার প্রতিনিধি \ শ্রীমঙ্গলস্থ মহিলাদের নিরাপদ মাতৃত্ব, স্যানিটেশন ও পুষ্টি শিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম ধাত্রী বিষয়ক প্রশিক্ষণ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় এনজিও সংগঠন এমসিডার আয়োজনে শ্রীমঙ্গলস্থ অফিসে অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশফাকুল হক চৌধুরী। সংগঠনের প্রধান নির্বাহী মো. তুহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সভাপতি মিজানুর রহমান আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজিবুস শহীদ, প্রশিক্ষক ডা. বিনেন্দু ভৌমিক। কালিঘাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করে। মেহেরপুর বিজিবি’র মাদক বিরোধী অভিযান মেহেরপুর প্রতিনিধি \ রমজানের শুরুতে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ব্যবসা জমজমাট হয়ে উঠেছে । মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিল এবং ২০ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বাজিতপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহলদল মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের হজরত আলীর ছেলে রাজু (৩৫) মাদকদ্রব্য নিয়ে মেহেরপুর আসার সময় তাকে আটক করে। তার নিকট থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও ২০ বোতল মদ উদ্ধার করে বিজিবি। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ওজনে কম, মেয়াদোত্তীর্ণ সামগ্রী ও নোংরা পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোঃ হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুদি দোকান ও খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। কলারোয়ায় শিবিরের সভাপতিসহ গ্রেফতার ২ কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা \ কলারোয়া থানা পুলিশ উপজেলা ছাত্রশিবিরের সভাপতিসহ দুই শিবির সদস্যকে গ্রেফতার করেছে গতকাল বুধবার কলারোয়ার হেলাতলা মোড় থেকে। আটককৃতরা হলো- শিবির সভাপতি জিয়ারুল ইসলাম (২৫)। সে উপজেলার শুভংকরকাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে। অন্যরা হলো কলারোয়ার চেড়াঘাট জামে মসজিদের ইমাম, তালা উপজেলার পাঁচপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে মাইদুজ্জামান (২২)। কাঠালিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদকের পদত্যাগ কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকতার উদ্দিন আহম্মেদ সানু তার দলীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে লিখিতভাবে গত সোমবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগের বিষয়টি আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার নিশ্চিত করেছেন। আড়াইহাজারে যুবদলের কমিটির অনুমোদন গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জুয়েল আহমেদকে আহবায়ক ও আজহারুল ইসলাম লাভলুকে প্রথম যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। অন্য যুগ্ম আহবায়করা হলেন, সালাউদ্দিন চৌধুরী, সফিউদ্দিন ভুঁইয়া, এম এ গাজী মাসুদ, নাজমুল হাসান বাচ্চু, ডাঃ মনির হোসেন, খাজা মাইনুদ্দিন, মোবারক হোসেন, ফরিদ আহমেদ, হাবিবুর রহমান সেলিম, হাজী বেলায়েত হোসেন রতন, তাজুল ইসলাম, মাসুম শিকারী, জহিরুল ইসলাম, আবুল কাশেম, আবুল বাশার। জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহআলম মুকুট মঙ্গলবার এ কমিটি অনুমোদন করেন। কাউখালীতে বৃক্ষ মেলার উদ্বোধন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার পিরোজপুর কাউখালী কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, কৃষি সমপ্রারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, সুনন্দা সমদ্দার প্রমুখ। শার্শায় ভারতীয় নাগরিকসহ ৩১৬ নারী-পুরুষ আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ সীমান্তবর্তী শার্শার কায়বা বিওপি থেকে বেনাপোল দৌলতপুর বিওপি পর্যন্ত ৩১ কিলোমিটার সীমান্ত এলাকায় ৬টি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ পথে ভারতে যাতায়াতের অপরাধে ভারতীয় নাগরিকসহ ৩১৬ জন নারী-পুরুষকে আটক করেছে। এদের মধ্যে রয়েছে ৫ জন ভারতীয় নাগরিক, ৩১১ জন বাংলাদেশি নাগরিক, ১ জন কিশোরী এবং একজন শিশু। আটককৃতদের শার্শা ও বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সদরঘাটে ১৫টি শাড়ীর খাজনা ৪০ টাকা ! ভোলা উত্তর প্রতিনিধি \ গত ১৫ জুলাই ঢাকা থেকে ভোলা আসার পথে সদরঘাট টার্মিনালে এই সংবাদদাতার কাছ থেকে ১৫ খানা শাড়ীর জন্য ৪০ টাকা খাজনা রাখা হয়েছে। তার হাতে রশিদ বই আর কলম, সুঠাম দেহের অধিকারী এক যুবক । এই খাতে তো ইতিপূর্বে কোন খাজনা দেয়া-নেয়া হতো না, এখন নিচ্ছেন কেন? বলতেই সে রাগতস্বরে বলে—গরু ছাগল কেনা-বেচা করতে যদি হাসিল কিংবা আদায়-উসুল বা খাজনা দিতে হয় তবে এখানে নয় কেন? সাতক্ষীরায় শিবিরের সভাপতিসহ গ্রেফতার ৪ সাতক্ষীরা প্রতিনিধি \ কলারোয়া থানা পুলিশ গত মঙ্গলবার অভিযান চালিয়ে শিবিরের সভাপতিসহ এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শুভংকরকাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে শিবির সভাপতি জিয়ারুল ইসলাম (২৫) ও পাটকেলঘাটার পাঁচপাড়া গ্রামের আ. রশিদ সরদারের ছেলে শিবিরকর্মী মাইদুজ্জামান (২২)। শিবিরকর্মী মাইদুজ্জামান উপজেলার চেড়াঘাট জামে মসজিদের ইমাম বলে জানা গেছে। এদিকে সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকা থেকে সকালে পিকেটিং করার সময় ২ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। দাউদকান্দি জামায়াতের আমীর গ্রেফতার দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গত মঙ্গলবার দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাউছার আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাতপাড়া গ্রাম থেকে জামায়াতের আমীর ও সাতপাড়া গ্রামের আ. হামিদ আলীর পুত্র মাওলানা কাউছার আহমেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময় হরতাল চলাকালে পুলিশের সাথে গোলাগুলি, অগ্নিসংযোগ, গাছ কেটে সড়ক অবরোধ ও ভাংচুরের ঘটনায় ৫টি মামলা রয়েছে। বগুড়ায় কবিতাপত্র ‘নিওর’ মোড়ক উন্মোচন বগুড়া প্রতিনিধি \ বগুড়া থেকে প্রকাশিত কবিতাপত্র ‘নিওর’ তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় করতোয়া অডিটরিয়ামে মোড়ক উন্মোচন করেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। অনুষ্ঠানে ছিলেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সেক্রেটারী প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া থিয়েটারের সেক্রেটারী তৌফিক হাসান ময়না, অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সেক্রেটারী এবিএম জিয়াউল হক বাবলা, সাবেক সেক্রেটারী সাদেকুর রহমান সুজন, লেখকচক্রের উপদেষ্টা এ্যাডভোকেট পলাশ খন্দকার প্রমুখ। গোমস্তাপুরে ব্র্যাকের বিতর্ক প্রতিযোগিতা গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি \ “বিজ্ঞান আশীর্বাদ নয়, অভিশাপ” এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে গোমস্তাপুরে ব্র্যাকের মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচি-পেইস প্রোগ্রামের উদ্যোগে গত মঙ্গলবার চৌডালা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা হয়। এতে মুশরীভূজা ইউনুস আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। মুশরীভূজা ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুরাতন নেসা মুক্তা সেরা বক্তা নির্বাচিত হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহানউদ্দিন, চৌডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাফুল হক, প্রভাষক সাদিকুল ইসলাম, সাংবাদিক আল-মামুন বিশ্বাস প্রমুখ। মির্জাপুরে দুস্থদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত মঙ্গলবার মির্জাপুরে অসহায় ও দুস্থদের মধ্যে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন। ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাসরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হামিদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন সুমন এবং প্রধান অতিথি একাব্বর হোসেন। এ অনুষ্ঠানে ১৪টি ইউনিয়নের ৯৬ জনকে ১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য ৩ হাজার টাকা দেয়া হয়েছে। সাতকানিয়ায় ৬টি বাড়ি ভষ্মীভূত সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম রসুলাবাদ রঞ্জুর বাপের বাড়ি নামক স্থানে গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও বাড়ির অন্যান্য জিনিসপত্রসহ ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো মোস্তফা কামাল, মো. ইসহাক, আহমদ কবির, আবছার উদ্দিন, মো. ইসমাইল ও হারুনুর রশিদ। মৌলভীবাজারে স্কুলে গাছের চারা বিতরণ বৃক্ষ রোপণ জোরদার করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বড়কাঁপন সাহিত্য সংস্কৃতি যুব পরিষদের উদ্যোগে মৌলভীবাজার বড়কাঁপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রকার শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন শেখ তবারক হোসেন। চারা বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে সভাপতি কবি স’লিপক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আয়েশা শাহনাজ রিনি, মাওলানা আব্দুল আজিজ, আব্দুল জলিল, দেওয়ান মফিজুল ইসলাম প্রমুখ।