নরসিংদী পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের আয়-ব্যয়ের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র মো: কামরুজ্জামান কামরুল গতকাল বুধবার মোট ৮১ কোটি ৬৯ লক্ষ ২০ হাজার ১৫৫টাকার বাজেট ঘোষণা করেছেন।
এতে আয় ধরা হয়েছে ৮১,৬৯,২০,১৫৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭৮,৬৭,৩৭,৯০০টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩,০১,৯২,২৫৫ টাকা। এবারের বাজেটে উল্লেখযোগ্য আয় হচ্ছে গৃহ ও ভূমি কর আদায় ৫,৬৫,০০০০০ টাকা, এডিপি ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রাপ্তি ৪৮,৫৬,২৮,৬৮০ টাকা, পানি সরবরাহ খাত থেকে ১৬,৩১,৪০,০০০ টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ৩,৯৫,০০০০০ টাকা । উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলো হচ্ছে কর্মচারীর বেতন, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, শিক্ষা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বিদ্যুত্ বিল। বাজেট ঘোষণা উপলক্ষে নরসিংদী পৌরসভা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের এমপি লে: কর্ণেল (অব) মো. নজরুল ইসলাম হিরু বীর প্রতীক।
অনুষ্ঠানে মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, নরসিংদী পৌরসভাকে সিটি রিজিওন প্রকল্পের আওতাভুক্ত করে সিআরডিপি প্রকল্পের মাধ্যমে ৩টি কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে। সেগুলো হচ্ছে নগর পরিবেশ ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো সমূহের উন্নয়ন, আঞ্চলিক নগর পরিকল্পনার উন্নয়ন এবং কার্যকর ও টেকসই নগর উন্নয়নের জন্য পৌর ব্যবস্থাপনা শক্তিশালী করা ও সামর্থ্য বাড়ানো।
