বঙ্গবন্ধু মহিলা পরিষদের নেত্রীবৃন্দ হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেছেন, নারী সম্পর্কে হেফাজতে ইসলামের আমীর আহমদ শফীর বক্তব্য ইসলাম বিরোধী। ইসলামের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে তারা দাবি জানান। তারা বলেন, ইসলামের দিক-নির্দেশনা হচ্ছে, ইসলাম শ্রেষ্ঠতম পথনির্দেশক যা মানবিক মূল্যবোধের দৃষ্টিতে নারী ও পুরুষের মধ্যেকার সমতাকে পূর্ণতা প্রদান করেছে’। ইসলাম নারীর অবমাননা করেনি এবং তাকে অবমাননা করার অনুমতি দেয়া হয়নি।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বঙ্গবন্ধু মহিলা পরিষদ আয়োজিত ‘হেফাজতের আমির মওলানা শফী’র অশালীন উক্তির বিরুদ্ধে পরিষদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া’ শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পরিষদের নেত্রী দিলওয়ারা বেগম। উপস্থিত ছিলেন, পরিষদের নেত্রী নীলুফার বেগম, নুরুন্নাহার মেরী, মোশতারী বেগম ও দিলশাদ খানম। এতে বলা হয়, স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম মুদ্রার এপিঠ-ওপিঠ।
