নেত্রকোনায় ইরিবোরো ধান-চালের দাম বেড়ে যাওয়ায় মিল মালিকরা খাদ্য গুদামে চাল দিতে পারছে না বলে জানা গেছে। ফলে চলতি বোরো মৌসুমে নেত্রকোনায় সরকারের বোরো চাল সংগ্রহ অভিযান মারাত্মকভাবে ব্যাহত হবার পাশাপাশি আপত্কালীন মজুদেও টান পড়বে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় ২৭ হাজার ৬৩৬ টন সিদ্ধ এবং আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এজন্য জেলার ১০ উপজেলার ২০৩ জন চাতাল মালিকের সাথে জেলা খাদ্য বিভাগের চুুক্তি হয়। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত মিলারদের নিকট থেকে চাল সংগ্রহ হয়েছে ১০ হাজার ৭৭৭ মে.টন। চুক্তি অনুযায়ী চাল প্রদানের জন্য মিল মালিকদের তাগাদা দিলেও তারা চাল দিতে পারছে না বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। মিল মালিকদের বক্তব্য হচ্ছে বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ধানের দাম বেড়ে যাওয়ায় তারা ধান ক্রয় করতে পারছেন না। তাই তারা চাল গুদামেও দিতে পারছেন না। জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান বলেন, চুক্তি মোতাবেক মিলারদের চাল দিতেই হবে। নইলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে। তবে সরকার যদি চালের ক্রয়মূল্য বাড়ায় তাহলে আলাদা কথা। এদিকে ঈদ বাজরে ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় মিলাররা খুশি না হলেও কৃষকরা দারুণ খুশি।
