ভালুকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুহুল আমীন ধনু অপহূত হয়েছেন বলে তার স্ত্রী তাসলিমা খাতুন ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন। পৌরসভার পাবলিক হল রোড এলাকা থেকে সোমবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতা অপহরণ হন বলে তার স্ত্রী অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন দুপুরে ভালুকা পৌরসভার পাবলিক হল রোড এলাকা থেকে অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের হিসেবে ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছাহেদ আলী’র পুত্র কাজল, কামাল, জাহাঙ্গীর ও নাজমুলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন ধনুকে সন্ত্রাসী কায়দায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার পর থেকে ধনুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাসলিমা খাতুন কাজলসহ ৪ জনকে আসামি করে থানায় অভিযোগপত্র দায়ের করেন।
