প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সুপারিশ

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২২:০৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঘাটতি পূরণে পুলের অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন, মো. আতিউর রহমান আতিক, আফাজউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, তালুকদার মো. ইউনুস, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী এবং জোবেদা খাতুন সভায় অংশগ্রহণ করেন। সভায় ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ছুটি ও প্রশিক্ষণজনিত সাময়িক শিক্ষক ঘাটতি পূরণের লক্ষ্যে পুলের অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষক নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি পুলের অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া ভুয়া ভোটার তালিকা দেখিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদন্তে গঠিত ২ নং সাব-কমিটির মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।