সৌদি আরবে কাজ করার জন্য এ পর্যন্ত আড়াই লাখ বাংলাদেশি একামা পেয়েছে। সৌদি সরকার আগামী নভেম্বর পর্যন্ত একামা নবায়নের সময় বৃদ্ধি করেছে। মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক পরিচয়ে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জড়িতদের চিহ্নিত করে শাস্তি প্রদান করা হবে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে নিলুফার জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের একামা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, সৃষ্ট সমস্যার সমাধান শুরু হয়েছে এবং আগামী নভেম্বরের মধ্যে পুরোপুরি শেষ হবে।
গত ১২ জুলাই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে এবং দূতাবাসের অন্যান্য কার্যালয়ে দুই লাখ ৫০ হাজার বাংলাদেশি নাগরিককে একামা সংশ্লিষ্ট সেবা প্রদান করা হয়েছে।
