পাকিস্তানের আলোড়ন সৃষ্টিকারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই বিশ্ব জুড়ে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গত ১২ জুলাই তার ১৬তম জন্মদিনকে জাতিসংঘ মালালা দিবস পালন করে। তার কাজের প্রতি সম্মান জানাতে সেদিন জাতিসংঘ শিক্ষা বিষয়ক বিশেষ সম্মেলন আয়োজন করে। সেখানে তিনি এই আহ্বান জানিয়েছিলেন। এবার তালেবান তাকে দেশে ফিরে মাদ্রাসায় শিক্ষায় যোগ দেয়ার আহ্বান জানিয়েছে। তালেবান যোদ্ধা আদনান রশীদ মালালার উদ্দেশ্যে লেখা চিঠিতে এই আহ্বান জানান। আদনান সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ হত্যা চেষ্টা মামলার ফেরারি আসামি। খবর এনডিটিভির।
গত ১৫ জুলাই লেখা চিঠিতে আদনান বলেন, তার পরামর্শ হচ্ছে, মালালা দেশে ফিরে আসুক। ইসলামী ও পশতুন শিক্ষা গ্রহণ করুক। এজন্য তার নিজ শহরের কাছে কোথাও একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করুক। কোরআন শিক্ষা গ্রহণ করুক। তার কলমকে ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের জন্য ব্যবহার করুক। নতুন বিশ্ব ব্যবস্থার নামে সামান্য অভিজাত শ্রেণির ষড়যন্ত্র উন্মোচন করতে হবে।
শিক্ষা ও নারী অধিকার নিয়ে কাজ করায় মালালাকে তালেবানের আখড়া পাকিস্তানের সোয়াত উপত্যকায় গত বছর অক্টোবরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গুলি করে তালেবান। এরপর উন্নত চিকিত্সার জন্য তাকে লন্ডনে নেয়া হয়। চিকিত্সা শেষে সেখানেই আবার স্কুলে যাওয়া শুরু করে মালালা। তার ওপর হামলার যথার্থতা প্রমাণের জন্য আদনান বলেন, স্কুলে পড়া বা শিক্ষার প্রতি আগ্রহের জন্য তার ওপর হামলা করা হয়নি। মালালা তালেবান বিরোধী প্রচারণায় জড়িত।
