মিসরে নতুন মন্ত্রিসভার বিরুদ্ধে মুরসি সমর্থকদের বিক্ষোভ

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২৩:০৯
মিসরে অন্তর্বর্তী সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর অফিসের সামনে মুরসির হাজার হাজার সমর্থক বিক্ষোভ করে। রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে প্রধান প্রধান সরকারি ভবনের সামনে তারা মুরসিকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে স্লোগান দেয়। নীর নদের পাশ দিয়ে মিছিল নিয়ে তাহরির স্কয়ারে যাবার সময় দাঙ্গা পুলিশ তাদের আটকে দেয়। খবর বিবিসি ও রয়টার্সের। মিসরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গত মঙ্গলবার ৩৩ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে। হাজেম আল-বেবলাউই প্রধানমন্ত্রী পদে আর সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি উপপ্রধান পদে শপথ নিয়েছেন। সেনাপ্রধান আগে থেকেই প্রতিরক্ষা মন্ত্রী পদে আছেন। মুরসির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহীম এই পদেই শপথ নিয়েছেন। ইমলামপন্থি দলের কেউ মন্ত্রিসভায় নেই। তারা আগেই জানিয়েছে, তারা এই সরকারে থাকবে না। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির দল মুসলিম ব্রাদারহুড অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করেছে।