থাইল্যান্ডের আন্দামান সাগরে দুর্ঘটনায় এমভি হোপ জাহাজের নিহত ২ নাবিকের লাশ গতকাল বুধবার সন্ধ্যায় দেশে পৌঁছেছে। তারা হলেন জাহাজের চিফ অফিসার মো. মাহবুব মোরশেদ ও চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দিন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। পরে মাহবুব মোরশেদের লাশ পৃথক একটি বিমানে চট্টগ্রামে তার পরিবারের কাছে পাঠানো হয়। এছাড়া কাজী সাইফুদ্দিনের লাশ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে পাঠানো হয়েছে। জাহাজ মালিকদের সংগঠন পিঅ্যান্ডআই ক্লাবের চট্টগ্রাম প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদির ইত্তেফাককে বলেন, ময়না তদন্তসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে তাদের লাশ দেশে আনতে দেরি হয়েছে।
