ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আরব উপদ্বীপের আল-কায়েদার (একিউএপি) দ্বিতীয় শীর্ষ নেতা সাইদ আল সেহরি নিহত হয়েছে। একিউএপি গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের বিবেচনায় সৌদি নাগরিক সাইদ আল সেহরি আল-কায়েদার সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা যাকে গুয়ান্তানামো কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছিল। পাকিস্তানে আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হলে ২০০২ সালের জানুয়ারিতে সাইদকে গুয়ান্তানামো কারাগারে পাঠানো হয়েছিল। খবর রয়টার্সের। ইন্টারনেটে একিউএপি’র কর্মকর্তা ইব্রাহিম আল রুবাইশের এক ভিডিও বিবৃতিতে জানানো হয়, সাইদ ড্রোন হামলায় নিহত হয়েছেন। তবে কখন তিনি মারা গেছেন এ বিষয়ে বিবৃতিতে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এর আগেও তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ইয়েমেন জানিয়েছিল, সাইদ দেশটির উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে ২০১২ সালের ২৮ নভেম্বর ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর এক অভিযানে আহত হওয়ার পর মারা যান।
