ইমানুয়েল হোক্যাদের কবিতা

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ১৮:২৮
সমকালীন ফরাসি কবিতায় ইমানুয়েল হোক্যাদ এক গুরুত্বপূর্ণ নাম। ১৯৪০ সালে ফ্রান্সের কানে তাঁর জন্ম। বড় হয়েছেন মরক্কোর তাঞ্জিয়ের্সে। ১৯৭০ ও ’৮০-এর দশকে তিনি ‘কমলালেবু রপ্তানি লিমিটেড (অরেঞ্জ এক্সপোর্ট লিমিটেড)’ নামে একটি ছোট, কিন্তু পরবর্তী সময়ে ফরাসি কবিতায় গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা খোলেন। পরবর্তীসময়ে প্যারিসের আধুনিক চিত্রকলা জাদুঘরের কবিতা সেকশনে তিনি প্রচুর কবিতা পাঠ সিরিজ সঞ্চালনা করেন। তিনি ফাউন্ডেশন রোয়াউমন্ট এবং ‘আটলান্টিকের ওপরে দপ্তর (Un Bureau sur l’Atantique)’-এ সাহিত্য ও অনুবাদের কাজ করেন। শেষোক্ত ফাউন্ডেশনের উদ্দেশ্য ছিল ফরাসি ও মার্কিনি কবিদের মাঝে যোগাযোগ বাড়ানো। নিজে কবিতা লেখার পাশাপাশি চার্লস রেজনিকভ, পল অস্টার, আন্তোনিও সিসনেরস, ফেমান্দো পেসোয়া, জন ট্যাগার্ট, বেঞ্জামিন হোলাদে, মিশেল পালমা এবং আরও অনেকের কবিতা তিনি অনুবাদ করেন। তাঁর মুখ্য কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে ‘আঁ প্রিভি অ্যঁ তাঞ্জের, লেস এলিজিস, থিওরি দ্যু তাবলস, দ্য ইনভেনশন অফ গ্লাস ইত্যাদি। তাঁর উপন্যাস ‘ম্যানহাটানের বনভূমি (এহিয়া দ্য লেস ফোরেতস দ্যু ম্যানহাটান)’ প্রি ফ্রান্স-কালচার পদকে ভূষিত হয়। তাঁর অধিকাংশ কাজই মার্কিন যুক্তরাষ্ট্রে অনূদিত এবং প্রকাশিত হয়েছে। নিচে তাঁর ‘লেস এলিজিস’ কাব্যগ্রন্থ থেকে দুটো কবিতা মূল ফরাসি থেকে ভাষান্তরিত করা হলো। উল্লেখ্য, এই কাব্যগ্রন্থের সব কবিতাই শিরোনামহীন। গোটা কাব্যগ্রন্থ সাতটি এলিজিতে বিভক্ত। এই সাতটি এলিজির ভেতরেই আবার শিরোনামহীন কিন্তু সংখ্যা দিয়ে ছয়/সাতটি করে কবিতা সাজানো। অধিকাংশ কবিতাই দীর্ঘ। তার ভেতর থেকে যথাসম্ভব অনতিদীর্ঘ দুটো কবিতা মূল ফরাসি থেকে অনুবাদ করা হলো।