সরকারি ভাষ্য

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ১৮:২৯
সরকার যখন বলছে, বৃষ্টি হবে; তুমি উড়ন্ত মেঘের ছায়ার পেছনে হাঁটো! মনে রেখো, তোমার ওপর কিন্তু ছায়া নেই; লাল ধুলোর মোজায় ঢেকে গেছে তোমার পা, আঙুলে, হাঁটুতে ব্যথা কমছে না; বাড়ছেই। মেঘের বিবেক ছায়ার ক্রন্দন ফেলে উড়ে যাচ্ছে; তুমি কখনো বা দৌড়ে যাচ্ছ ছায়ার তাঁবুর নিচে; কখনো, ধূসর ধাবমান তাঁবুর পেছনে পড়ে যাচ্ছ তুমি। যেতে যেতে নদী, তোমার ভেতর জেগে ওঠে আশা; মেঘ নেমে আসে নদীর শিয়রে, ঠান্ডা বাতাস বইছে; চোখে ভেসে ওঠে বৃষ্টি-স্বপ্ন, মনে হয়, নামবে এখনি। যেতে যেতে বনভূমি, তারপর একটি পাহাড়; নীলের গভীরে উড়ে যাচ্ছে মেঘ, তোমার তৃষিত চোখ উর্ধ্বমুখী; ঊষর মাটির নিঃশব্দ কান্না পায়ের তলায়। সরকার তখনো বলছে, বৃষ্টি হবে। মেঘের কিছু বিবেক আছে বলে, তোমাকে দেয়নি বজ্রপাত।