অন্ধের স্পর্শের মতো হাতে হাত রাখো
জানার বোধ
ছুঁয়ে যাক তোমাকে আমাকে।
বুকে বুকে বর্ষাপীড়িত ফুল ফুটুক এই মঞ্চে
বধ্যভূমির হাড়গুলো
মিউজিয়ামে মিউজিয়ামে কথা বলুক
ধর্ষকঘাতকতঞ্চকদের স্বরগুলো বোধশক্তিহীন হোক
বাঘের ক্ষুধা ছিল ঘাতকের পেটে
কত দুঃখে ভরা রাত্রির দীর্ঘশ্বাসে
লগ্ন ছিল ভয়, মৃত্যু ভয়, শূন্যতার ভয়
মুক্তির শপথ নিয়ে যখন মাঠে নেমেছিল কেউ
হন্তারক প্রান্তরে জনপদে মানবের লাশ নিয়ে করেছিল খেলা
কোনোদিন কেউ ভাবেনি
শোকের শব্দগুলো, এপিটাফের অনুষঙ্গগুলো
রোদ বৃষ্টি ঝড়ে
কবরের বৃক্ষ দামামার মতো রণধ্বনি দেবে
শত-সহস্র শহিদ আদালত চত্বরে জেগে উঠবে ভরদুপুরে
নদীর জলে ফের মাতৃভাষা শোনা যাবে
প্রজ্ঞা পারমিতা, তুমি যাও, পিতার কবরে
আজ ফুল দাও
