ছোট্ট পাখি চঞ্চু দিয়ে কয়েক ছিটা ঘোলাপানি মাথায় ফেলে
ইচ্ছেমতো মেলছে ডানা
শিশুমাছের কোমল-চঞ্চল মুখ বাড়িয়ে এক পলকে ঘোলা জলে
হারিয়ে যেতে নেই তো মানা
স্বাধীনতা—স্বপ্ন-সাধের জীবনটাকে যাপন করার আরাধনা।
সদ্যোজাত গো-শাবকটা দুষ্টু নাচে চলছে ছুটে এঁকেবেঁকে
আদর পেতে মাথা ঠোকে মায়ের বুকে
মা-ও তাকে আদর করে চুমু আঁকে
একেই বলে মায়ের পরম ভালোবাসা আর মমতা।
একটি শিশু নদীর জলে সিনান সারে, ডুব-সাঁতারে
ইচ্ছেমতো ঘুরে বেড়ায় বন-বাঁদাড়ে যথা তথা
ক্লান্ত হলে প্রকৃতি—এই মায়ের কোলে রাখে মাথা
যা ঘটে এই প্রকৃতিতে নয় তা কেবল কথার কথা।
