ভিটামিন সি যুক্ত রসালো লেবুর ঘ্রানে ভরে গেছে ঝালকাঠির ২২ গ্রাম। তাই লেবু মৌসুমে জমে উঠেছে ঝালকাঠিতে নৌকায় লেবুর হাট । প্রতিদিন এখানে লাখ লাখ কাগজি লেবু কেনা-বেচা হচ্ছে। এখান থেকে পাইকাররা লেবু নিয়ে ডিঙ্গী নৌকায় বরিশাল আড়তে এনে বিক্রি করছে। সেখান থেকে সড়ক পথে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
ঝালকাঠির বাউকাঠি, শতদশকাঠি, ভিমরুলী, কাফুড়কাঠি, আটগড়, গাভারামচন্দ্রপুর, পোষন্ডা, ডুমরিয়া, খেজুরা, কৃত্তিপাশা, মিরাকাঠিসহ ২২ গ্রাম এখন লেবুর ঘ্রানে ভরপুর। প্রতিদিন এসব গ্রামের কৃষক গাছ থেকে লেবু সংগ্রহ করে নৌকায় স্থানীয় ভিমরুলি বাজারে নিয়ে আসে। এখানে পাইকাররা নৌকায় বসেই কৃষকের লেবু কিনে রাখছে। এছাড়া পানির উপরে সবুজের সমারোহ দেখে প্রাণ জুড়িয়ে যায়। গত বছরের তুলনায় এবার লেবুর ফলন একটু কম হওয়ায় দাম বেশি। গত বছর ৮০টি লেবু ছিলো ৮০ থেকে ১শ’ টাকা। এবার তা বিক্রি হচ্ছে দেড়শ’ টাকায়। এসব গ্রামের কৃষকরা লেবুর চাষ করছে যুগ যুগ ধরে। ১ বিঘার কান্দিতে লেবু চাষ করতে খরচ হয় ৫০ হাজার টাকা। প্রতি বছর লেবু বিক্রি করে দেড় থেকে দু’লাখ টাকা পাওয়া যায়। এ হিসাবে ২২ গ্রামের লেবু বিক্রি করে প্রতিবছর কৃষক আয় করছে দেড় থেকে দু’কোটি টাকা।
