উপজেলার সদর ইউনিয়নের ভক্তবাড়ি এলাকায় মঙ্গলবার স্থানীয় কৃষকরা একটি আবাসন প্রকল্পের ভাড়া দেয়া সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আবাসন প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী, দালাল ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, এক শতাংশ জমি না কিনেও একটি আবাসন প্রকল্প মাসিক ভিত্তিতে ভক্তবাড়ি এলাকায় বিপুল সংখ্যক জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড দেয়। সাইনবোর্ড ব্যবহারে চুক্তির মেয়াদ শেষ হলেও ওই কোম্পানী সাইনবোর্ড না সরানোয় বিক্ষুব্ধ এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সকল সাইনবোর্ড উপড়ে ফেলে।
আবাসন প্রকল্পের এক পরিচালক জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখল নিতেই একটি মহল তাদের আবাসন প্রকল্পের সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
ভক্তবাড়ি এলাকার আব্দুল আউয়াল ও মোখলেছুর রহমান জানান, তাদের নিজস্ব জমিতে আবাসন প্রকল্পের সাইনবোর্ড ভাড়ায় স্থাপন করতে দেয়া হয়। চুক্তি শেষ হওয়ার পর বারবার বলা সত্ত্বেও তারা সাইনবোর্ড সরায়নি। তাই এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সাইনবোর্ড উপড়ে ফেলেছে।
