যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝুঁকিমুক্ত সম্পর্ক চান পুতিন

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:২৪
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ঠেলে দিয়ে দেশটির সাবেক গোয়েন্দাকর্মী এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দিতে ইচ্ছুক নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন। ইন্টারনেট ও ফোনে আড়ি পাতা বিষয়ে যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা কর্মসূচি ফাঁস করে দেন দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এসএসএ) সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। ফাঁস করার পর তিনি প্রথমে হংকং চলে যান ও পরবর্তী সময় রাশিয়ায় পাড়ি জমান। ২৩ জুন হংকং থেকে ভ্রমণ ভিসায় রাশিয়ায় যাওয়ার পর থেকে তিনি দেশটির শেরমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন। অন্য কোনো দেশে না যাওয়া পর্যন্ত রাশিয়ায় সাময়িক আশ্রয়ের জন্য মঙ্গলবার তিনি আবেদন জানিয়েছেন। স্নোডেনের বিষয়টি আসছে সেপ্টেম্বরে মস্কোতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ সম্মেলনের উপর প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল সাইবেরিয়া সফররত প্রেসিডেন্ট পুতিনকে। জবাবে তিনি বলেন, ‘আমার মতে গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে ঝগড়াঝাটির চেয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়।’ তবে স্নোডেনের আবেদনে রাশিয়া সাড়া দেবে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেননি।