মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে বিএসএফের সাথে শালিকা গ্রামের এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলের দিকে সীমান্তের ১১৪ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মুক্তার আলীর ছেলে রাজু চোরাপথে ভারতে যাবার চেষ্টা করে। এ সময় ভারতের নদীয়া জেলার করিমপুর থানার নাটনা ক্যাম্পের এক বিএসএফ সদস্য তাকে আটকের চেষ্টা করে। এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় রাজু ও বিএসএফ সদস্য আহত হয়। ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা এসে আহত বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়। রাজু নিজ দেশে ফিরে আসে। সে মেহেরপুর শহরের একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিত্সা নিয়ে গা ঢাকা দিয়েছে।
