নিউইয়র্কে বাংলায় ব্যালট পেপার
নিউইয়র্কের কুইনস এলাকায় বসবাসরত বাংলাভাষী লোকজন এখন থেকে তাদের কাঙ্ক্ষিত ভাষা বাংলায় ছাপা ব্যালট পেপার হাতে পাবেন। এই প্রথম নির্বাচনী কর্মকর্তারা বলছেন, এক দশকেরও বেশি সময় পর ব্যালট পেপারে নতুন কোন ভাষাকে অন্তর্ভুক্ত করা হলো। কুইনসের ৬০টি ভোট কেন্দ্রে এটি চালু করা হবে। এজন্য প্রায় দুইবছর আগে নিউইয়র্ক প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। এর আগে স্প্যানিশ, চীনা ও কোরীয় ভাষা এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।-ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশ্বযুদ্ধকালীন বোমা উদ্ধার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা পাওয়া গেছে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টের একটি নির্মীয়মাণ অ্যাপার্টমেন্টের তলায়। ৫০ কেজি ওজনের ওই বোমাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকার দেড় হাজার লোককে নিরাপদে সরিয়ে ফেলা হয়। আর্মির মুখপাত্র মেলিন্ডা ভারকনি জানান, বোমাটি পালা স্ট্রিটের ওই ভবনের নিচ থেকে পাওয়া গেছে। আশেপাশের লোকজনকে সরিয়ে নেয়ার পরই নিরাপত্তা বিশেষজ্ঞরা এটি পরীক্ষা-নিরীক্ষার পর নিষ্ক্রিয় করার কাজ শুরু করবেন।—জি নিউজ
মূত্র দিয়ে মোবাইল ফোন চার্জ!
প্রস্রাব বা মূত্রকে বোধ হয় আর ঘৃণা করা ঠিক হবে না। কারণ অদূর ভবিষ্যতে হয়তো এটিই অতি প্রয়োজনীয় মোবাইল ফোন বা অন্য যে কোনো ইলেকট্রিক গেজেট চার্জ করার ক্ষেত্রে দরকার হতে পারে। ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটি ও রোবোটিক ল্যাবরেটরির বিজ্ঞানীরা সমপ্রতি এমনটাই দাবি করেছেন। তারা মূত্র দিয়ে মোবাইল ফোন চার্জ করতে সমর্থ হয়েছেন। সেইসঙ্গে এর মাধ্যমে স্বল্প পরিসরে খুদে বার্তা পাঠানো, ইন্টারনেটে ব্রাউজিং এবং সংক্ষিপ্ত কলও করতে পেরেছেন।—ডয়েচে ভেলে
