বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:২৮
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর ও মেদিনীপুর সীমান্ত হতে ৩ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে গরু পার করে আনাকালে বেণীপুর সীমান্তের ওপাশে ভারতের নোনাগঞ্জ ক্যাম্প ও হরিহরনগর সীমান্তের ওপাশে পুটিখালী ক্যাম্পের বিএসএফ বাংলাদেশি গরু ব্যবসায়ীদের আটক করে। আটককৃতদের গতকাল বৃহস্পতিবার ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়েছে বলে পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বেণীপুর গ্রামের গরু ব্যবসায়ী হাসেম আলী (৩৫) ও নবদুর্গাপুর গ্রামের আরিফ হোসেনসহ (৩০) একদল গরু ব্যবসায়ী বুধবার রাত আনুমানিক ১১টার দিকে সীমান্তের ৬২ নং মেইন পিলারের কাছ দিয়ে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের ১৭৩ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। একই সময় উপজেলার হরিহরনগর সীমান্তের ৬৩ নং মেইন পিলারের নিকট দিয়ে গরু নিয়ে ফেরার সময় হরিহরনগর গ্রামের সন্তোষ মিয়ার ছেলে কসর উদ্দিনকে (২৫) আটক করে বিএসএফ। এ সময় তাদের দলে থাকা অন্য গরু ব্যবসায়ীরা পালিয়ে আসতে সক্ষম হয়। চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল গাজী আসাদুজ্জামান পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানিয়েছেন, বিএসএফের হাতে আটক ৩ গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে রাতেই বিজিবির পক্ষ হতে মৌখিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়।