‘ও আমার উড়াল পঙ্খীরে’, ‘মরিলে কান্দিসনা আমার দায়’সহ একাধিক গান সুবীর নন্দী করেছেন হুমায়ূন আহমেদের লেখা ও তত্ত্বাবধানে। যা হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে ব্যবহার হয়েছে এবং একই সাথে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তারই কিছু স্মৃতির নির্যাস বলেছেন সুবীর নন্দী।
এতটা ক্ষণজন্মা এবং মেধাবী মানুষ আমি কম দেখেছি। গানের সূত্রেই তার সাথে পরিচয়। সম্ভবত মকসুদ জামিল মিন্টুর কোনো এক রেকর্ডিংয়ে। একটি গান কে যেন এর আগে গেয়েছেন তার পছন্দ হয়নি। পরে আমার ভয়েস টেক করতে বলেন। এরপর আমার গানটিই সেই নাটকের জন্য চূড়ান্ত হলো। ‘ও আমার উড়াল পঙ্খীরে’ গানটি যেদিন রেকর্ড হলো। এরপর থেকে নুহাশপল্লীর যেকোনো অনুষ্ঠান বা গানের আসর হলেই আমার ডাক আসত। সবসময় যেতে পারতাম না। কিন্তু যাই বা না যাই, শুনতাম সেখানে আমার গাওয়া এই গানটি কাউকে না কাউকে পারফর্ম করতে হতো। আসলে তার ভেতরে এক অন্যরকম দূরদৃষ্টি ছিল। এ দেশের মানুষের সহজাত আকাঙ্ক্ষাগুলো তিনি সহজে ধরতে পারতেন। সেইভাবেই নিজের লেখা, গান প্রকাশ করতেন। আর এ কারণেই এত মানুষের ভালোবাসা আর ঈর্ষণীয় জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘মরিলে কান্দিস না আমার দায়’-এ গানটিও আমি গেয়েছিলাম পরে। কিন্তু আমার গাওয়াটাই পরে ব্যবহার হয়েছিল। এ গানটি তো অনেকটাই তার মৃত্যুসংগীত হয়ে গেছে। আমি ছোট বা বড় বয়সের মাপে খুব কম মাপি। গুণের মাপেই তাকে মাপতে বেশি ভালোবাসি। হুমায়ূন আহমেদের সাথেও আমার সম্পর্কটা ঠিক এমনই। মৃত্যুকে সবারই বরণ করে নিতে হয়। কিন্তু সমসাময়িক লেখকদের হিসেবে যেন খুব একটা সময় পেলেন না তিনি। প্রাণখোলা মানুষটার শান্তি কামনা করছি।
