হুমায়ূন স্মরণে গান

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:৩১
আজ দেশের প্রায় সবক’টি চ্যানেলেরই অনুষ্ঠানমালা সাজানো হয়েছে দেশবরেণ্য প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে। এই ধারাবাহিকতায় আজ সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণে ‘স্মরণে গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানটি। বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক ও নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের গানগুলোও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তার চলচ্চিত্র আর নাটকে যোগ করেছেন বহু হূদয়স্পর্শী গান। সেই জনপ্রিয় গানগুলো ও গানের সংশ্লিষ্ট শিল্পীর অংশগ্রহণে এটিএন বাংলায় আজ দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে ‘চাঁদনী পসর’ শিরোনামের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গানটি তৈরি হওয়ার গল্প, হুমায়ূন আহমেদের সঙ্গে ওই শিল্পীর সখ্যতাসহ বিভিন্ন বিষয়ের আলোচনা উঠে আসবে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারী সিদ্দিকী। এই একটি চ্যানেলের অনুষ্ঠান ছাড়াও বারী সিদ্দিকী আরও একাধিক চ্যানেলে হুমায়ূন আহমেদ স্মরণের গানের আয়োজনে অংশ নিবেন।