মুক্তাগাছায় চাষ হচ্ছে আলু বোখারা

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:৩৯
ময়মনসিংহের মুক্তাগাছায় চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের অভিজাত মশলা জাতীয় ইরানী ফল আলু বোখারার। স্থানীয় রাজঘাট পাড় এলাকায় ভিন্ন জাতের ফল বাগানের গাছে অসংখ্য আলু বোখারা ফল শোভা পাচ্ছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশে অভিজাত খাবারের মশলা হিসেবে এই আলু বোখারার বেশ কদর রয়েছে। পোলাও, বিরিয়ানি, রোস্ট, বোরহানী, সালাদ ও আচারসহ নানা ধরনের অভিজাত খাবার তৈরিতে আলু বোখারার জুচি মেলা ভার। আলু বোখারা একটু টকযুক্ত হওয়ায় এর মিশ্রনে রান্না করা খাবার বেশ সুস্বাদু হয়। প্রতি বছর এ ফল সাধারণত বহির্বিশ্ব থেকে আমাদের বাংলাদেশে আমদানি করা হয়। ইরান, ইরাকসহ মধ্যপাচ্যের বেশ কয়েকটি দেশে মূল্যবান এই আলু বোখারার উত্পাদন সবচেয়ে বেশি হলেও ফলটি ইরানী আলু বোখারা নামেই প্রায় সর্বজন পরিচিত। বাগান মালিক শওকত আলী জানান, প্রায় চার বছর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার থেকে আলু বোখারার একটি চারা কিনে তার নার্সারির ফল বাগানে রোপণ করেন। রোপণের প্রায় তিন বছরের মাথায় আলু বোখারার এই গাছে গুটি কয়েক ফল আসে। এতে হতাশ না হয়ে শওকত আলী আশাবাদি হন যে সঠিক পরিচর্যা করলে আরো বেশি ফলন পাওয়া যেতে পারে। তাই হাল না ছেড়ে তিনি শুরু করেন গাছটির ব্যাপক পরিচর্যা। অবশেষে পূরণ হয় তার আশা। গাছটির প্রতিটি ডালে এবার থোকায় থোকায় ধরেছে আলু বোখারা ফল। বিরল জাতের এই ফল চাষে মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় তিনি তার গাছটির ডালপালা জুড়ে প্রায় পাঁচশ কলম চারা উত্পাদনের উদ্যোগ নিয়েছেন।