প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। তাই আগামীকাল অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য ক্যারিবীয় ও পাকদের। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলাটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ক্যারিবীয়রা। একই পরিণতি ঘটে ত্রিদেশীয় সিরিজেও। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় ফাইনালের টিকিট পাওয়া হয়নি ডোয়াইন ব্রাভো দলের। তাই পরপর দু’টি টুর্নামেন্টে ব্যর্থ হবার স্বাদ নিয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম ওয়ানডেতেও মিসবাহ-উল-হকের দলের কাছে বাজেভাবে হারের স্বাদ পায় ক্যারিবীয়রা। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিং-এ পাঠিয়ে জয়ের জন্য ২২৫ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর জবাব দিতে নেমে মাত্র ৯৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে হারের পরিমাণটা হয় ১২৬ রানের বড় ব্যবধানে।
তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে সমতা আসে। তবে এ ম্যাচে টস ভাগ্যে জিতে পাকিস্তান। এবার ক্যারিবীয়দের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় সফরকারীরা। আর প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৮ উইকেটে ২৩২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য ২৩৩ রানে লক্ষ্যে ছুটতে গিয়ে ১৯৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
মূলত ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনের ঘূর্ণিতে কাবু হয় পাকরা। মাত্র ২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের দারুণ এক জয়ের স্বাদ এনে দেন ম্যাচের সেরা নারাইন। তাই সিরিজে সমতা রেখেই তৃতীয় ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে জানালেন দলের অধিনায়ক ব্রাভো, ‘প্রথম ম্যাচে খারাপ খেললেও দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়েছে দল। আশা করবো তৃতীয় ম্যাচেও ভালো খেলবে সবাই। তাতে সিরিজে লিড নেয়া সম্ভব হবে। তবে ব্যাটসম্যানদের আরো বেশি সর্তক হওয়া দরকার। উইকেটে বেশিক্ষণ থাকতে হবে ও বড় ইনিংস খেলতে হবে ব্যাটসম্যানদের।’ ওয়েস্ট ইন্ডিজের মতই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। সেই ব্যর্থতাকে সাথে নিয়ে ক্যারিবীয়তে খেলতে এসেই জয়ের মুখ দেখে। শহিদ আফ্রিদির অলরাউন্ড পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়েই দেয় পাকরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি পাকিস্তান। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আবারো হারের সাথে পরিচিত হতে হয় তাদের। তবে তৃতীয় ওয়ানডেতে দল ঘুড়ে দাঁড়াবে বলে মনে করেন অধিনায়ক মিসবাহ, ‘মূলত প্রথম দু’ম্যাচেই ভালো খেলেছি আমরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং কিছুটা খারাপ হয়েছে আমাদের। পরের ম্যাচে সেই ভুল শুধরে নেবার চেষ্টা করবে ব্যাটসম্যানরা বলে আশা করছি।’
সম্ভাব্য স্কোয়াড:
ওয়েস্ট ইন্ডিজ :
ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্র্যাভো, জনসন চার্লস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, কেমার রোচ, ড্যারেন সামি, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স ও ডেভন স্মিথ।
পাকিস্তান :
মিসবাহ-উল-হক (অধিনায়ক), আব্দুর রেহমান, আহমেদ শেহজাদ, আসাদ আলি, আসাদ শফিক, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, নাসির জামশেদ, সাইদ আজমল, শহিদ আফ্রিদি, উমর আকমল, উমর আমিন ও ওয়াহার রিয়াজ।
