উত্তরায় একমাস ধরে পানি সংকট

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২২:১৮
উত্তরার ৩টি রোডে গত এক মাস ধরে পানি সংকট চলছে। জানা যায়, উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৬, ১৭, ও ১৮ নম্বর সড়কে গত এক মাস ধরে লাগাতার পানি সংকট চলছে। কিন্তু গত সাত দিন ধরে ওয়াসার লাইনে এক ফোঁটাও পানি আসছে না। বাসিন্দারা পানি চেয়ে ঢাকা ওয়াসায় বার বার তাগিদ দিয়েও কোন সুফল পাচ্ছেন না। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, পানির জন্য এলাকায় হাহাকার উঠেছে। আগে টাকা দিলে পানি মিলতো। এখন টাকা দিয়েও এক গাড়ি পানি পাওয়া যাচ্ছে না। পানির জন্য ওয়াসার মড্স জোন-৯ এ একাধিকবার ধরনা দিয়েও কোন কাজ হচ্ছে না। ফলে পানি নিয়ে এলাকায় ক্ষোভ ও হতাশা বেড়েছে। এ ব্যাপারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান ইত্তেফাককে বলেন, পকেট সমস্যার কারণে উত্তরার কয়েকটি রোডে সাময়িক পানি সংকটের সৃষ্টি হয়েছে। শিগ্রই এই সংকট নিরসনের চেষ্টা চলছে। সংকট না কাটা পর্যন্ত ওয়াসার গাড়িযোগে পানি সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।