‘গমের শীষ’ প্রতীক দেয়া হতে পারে বিএনএফ’কে

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২২:১৯
নিবন্ধনের জন্য আবেদন করা বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টকে (বিএনএফ) ‘গমের শীষ’ প্রতীক বরাদ্দের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রতীকের চার্টে গমের শীষ না থাকায় তাদেরকে এই প্রতীক বরাদ্দ দেয়া হতে পারে। এর আগে গত ১১ জুলাই এমকে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে বিএনএফের বিরুদ্ধে বিএনপির লোগো, কর্মসূচি, জিয়াউর রহমানের ছবি এবং ধানের শীষের আদলে গমের শীষ প্রতীক ব্যবহারের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। একইসঙ্গে তখন বিএনপির অনুকরণ করে আবেদনকৃত বিএনএফ দলটির নিবন্ধন না দেয়ার জন্যও কমিশনের কাছে সুপারিশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, নতুন করে যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদের বিরুদ্ধে যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে যাচাই করে দেখা হবে। আমরা কারণ দর্শানোর জন্য এক মাসের সময় দেব। তিনি আরো বলেন, আমাদের প্রতীকের চার্টে গমের শীষ নেই। আমরা বিএনএফের আবেদনের ভিত্তিতে গমের শীষ যোগ করার কথা ভাবছি। তবে তাদের নিবন্ধন দিতে আমাদের কোনো সমস্যা নেই। বুধবার শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি বলেন, নিবন্ধনের জন্য দু’টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে বাছাই করেছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আরো বলেন, নতুন করে নিবন্ধন পাওয়ার জন্য আবেদনকৃত রাজনৈতিক দলগুলোর তথ্য আমরা বাছাই করে শর্তপূরণ করার জন্য আরও পনের দিন সময় দিয়েছি। সময় শেষে তারা আবার চূড়ান্ত তথ্য জমা দিয়েছে।