জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বৃহস্পতিবার সারাদেশে হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, হরতাল বানাচাল করার জন্য দেশের বিভিন্ন স্থানে পুলিশ জামায়াতের শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার ও অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে।
সরকারের উদ্দেশ্য হলো জামায়াতকে নেতৃত্বশূন্য করা। বিবৃতিতে তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের আটক সকল নেতা-কর্মী, ওলামায়ে কেরামদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার জন্য সরকারকে বাধ্য করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এদিকে, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গতকাল এক বিবৃতিতে বগুড়া ও পাবনায় জামায়াত ও শিবিরের দুই জন নেতা-কর্মীকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এছাড়া জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি বেগম শামসুন নাহার নিজামী এক বিবৃতিতে গাজীপুর জেলা মহিলা জামায়াতের মজলিসে শূরার সদস্য নাজমুন নাহারকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
