ইউএনও অপসারণের দাবিতে বান্দরবানের থানছিতে বুধবার শুরু হওয়া সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত ছিল। গতকাল জেলার পর্যটন সম্ভাবনাময় উপজেলা থানছিতে যাতায়াতের সড়ক পথে কোন যান চলেনি। নৌ পথেও ছিল না কোন নৌ যান। থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালেহ আহমেদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং একক আধিপত্য বিস্তারের অভিযোগ এনে থানছি সর্বদলীয় নাগরিক কমিটির ডাকে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ স্থানীয় বাসিন্দরা।
