যুগ্ম সচিবে ৩৪৫ জনের রেকর্ড পদোন্নতি

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১০
নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনে যুগ্ম সচিবের রেকর্ড সংখ্যক কর্মকর্তার পদোন্নতি দেয়া হয়েছে। এ প্রক্রিয়ায় এবার আওয়ামী লীগ বা বিএনপিপন্থি কার্যত এককাতারে শামিল হয়ে গেছে। বিএনপি দলীয় চিহ্নিত করে যাদেরকে একাধিকবার পদোন্নতি বঞ্চিত করা হয়েছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা এবার পদোন্নতি পেয়েছেন। যদিও এবারও বঞ্চিত হয়েছেন ৩৫৪ জন। যুগ্ম সচিব পদে ৩৪৫ জনের পদোন্নতি একটি রেকর্ড। ইতিপূর্বে একসঙ্গে এত সংখ্যক যুগ্ম সচিব পদে পদোন্নতি হয়নি। যদিও যুগ্ম সচিবের অনুমোদিত ৩৬৮টি পদের একটিও শুন্য নেই। বরং আড়াইশ’ কর্মকর্তা আগে থেকেই পদের অতিরিক্ত রয়েছেন। তারা পদোন্নতির পূর্ব পদে (উপসচিব) না হয়ে ওএসডি রয়েছেন। এবারের পদোন্নতির পর পদের চেয়ে অতিরিক্ত কর্মকর্তার সংখ্যা হবে ৫৯৫ জন। এ প্রসঙ্গে প্রশাসন বিশেষজ্ঞরা বলেছেন, পদোন্নতি চাকরির অগ্রাধিকার। তবে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা প্রশাসনিক কাঠামো বলতে আর কিছুই অবশিষ্ট থাকছে না। রাজনৈতিক বিবেচনায় কাউকে পদোন্নতি থেকে বঞ্চিত করা ঠিক নয় উল্লেখ করে তারা বলছেন, সরকার যদি এমন পথ থেকে সরে আসে তবে তা মঙ্গলজনক হবে। প্রশাসনিক কাঠামোর আমূল সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা বলেন, এটি করা না হলে এখন পদোন্নতিতে আপাতত খুশি হলেও পদ না পেয়ে অচিরে অনেকেই হতাশ হবেন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতির আদেশ জারি করে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩২৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। বাকিরা দেশের বাইরে থাকায় নিয়ম অনুযায়ী তাদের নাম প্রকাশ করা হয়নি। তারা দেশে ফিরে রিপোর্ট করার পর তাদের পদোন্নতি কার্যকর করা হবে। প্রকাশিত তালিকায় পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৯৮৪ ব্যাজের যোগ্য ১২৬ জনের মধ্যে ৬০ জন, ১৯৮৫ ব্যাচের ২৮৭ জনের মধ্যে ১২১ জন এবং ১৯৮৬ ব্যাচের ২০৪ জনের মধ্যে ১১৫ জন। বাকিদের মধ্যে ১৯৮২ ব্যাচের একজন এবং বিশেষ ব্যাচের ২ জন। এরমধ্যে প্রশাসন ক্যাডারের ২৮৬ জন এবং অন্যান্য ক্যাডারের ৪০ কর্মকর্তা রয়েছেন। ব্যাচভিত্তিক বঞ্চিত কর্মকর্তার সংখ্যা ১৯৮৪ ব্যাচের ৬৬ জন, ১৯৮৫ ব্যাচের ১৬৬ জন এবং ১৯৮৬ ব্যাচের ৯৯ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ১৯৮২ বিশেষ ব্যাচের ২১ জন এবং ১৯৮২ ব্যাচের ২ জন কর্মকর্তা এখনো উপসচিব রয়ে গেলেন। যদিও এ ব্যাচের অনেক কর্মকর্তাই এখন সচিব। এ সরকারের বর্তমান মেয়াদে এর আগে যুগ্ম সচিব পদে তিন দফায় এক হাজার ২১৫ জন পদোন্নতি পান। এরমধ্যে ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারি ৮৬ জন, ৭ সেপ্টেম্বর ১৬৩ জন এবং ২১ নভেম্বর ১৬৬ জন। পদোন্নতিপ্রাপ্তদের তালিকা ১৩ পৃষ্ঠায় দেয়া হন হল :