ক্ষমতায় গেলে সম্পূর্ণ নতুন ধারার সরকার গঠন করব

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে আমরা সম্পূর্ণ নতুন ধারার একটি সরকার গঠন করব। অন্যায় ও দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপস করব না। আমাদের দেশ ছোট, কিন্তু জনসংখ্যা ব্যাপক। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সম্মানে বিএনপির দেয়া এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্প্রতি পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলররা, উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌরমেয়র-কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাসহ বিরোধী দল সমর্থক জনপ্রতিনিধিরা ইফতারে অংশ নেন। খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের দাবি আদায় করে বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্যে ঈদের পর জোরালো কর্মসূচি দেয়া হবে। এজন্য নেতা-কর্মীদের এখনই তৈরি হতে হবে। এই আন্দোলন সফল করতে স্থানীয় সরকারে থাকা দলীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন তিনি। সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। আমরা চাই পরিবর্তন। বর্তমান সরকারের প্রধান পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন। এই সরকারের অধীনে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই সবাই দোয়া করি যাতে দেশ ও জনগণ জুলুমের হাত থেকে মুক্ত হয়। ইফতারের আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। এর ফলে নির্দলীয় সরকারের দাবি আরো জোরালো হয়েছে। আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে নির্দলীয় সরকারের দাবি আদায় করে ছাড়ব। পাঁচ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘জনগণের সঙ্গে মিশে তাদের কল্যাণে কাজ করবেন। আপনাদের ন্যায্য দাবি এবং মর্যাদা আমরা আগামীতে দেবো।’ আগত জনপ্রতিনিধিদের আন্তরিক অভিন্দনের পাশাপাশি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। মির্জা ফখরুল আজ ফিরছেন তিন দিনের সফর শেষে লন্ডন থেকে আজ শুক্রবার ভোরে ঢাকা ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার তিনি লন্ডন যান। এই সফরে তার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও ব্যারিস্টার নওশাদ জমির। সফরকালে ১৭ জুলাই হাউস অব লর্ডসে ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেন মির্জা ফখরুল। এই সেমিনারে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তসহ আওয়ামী লীগেরও একটি প্রতিনিধি দল যোগ দেয়।