সংখ্যার ভুলে বাড়ি ধ্বংস!

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৪
সরকারি অফিসের কর্মকর্তাদের সংখ্যাগত ভুলের কারণে হারাতে হলো লেকের কাছে অবস্থিত মনোরম পরিবেশে তৈরি করা একটি বাড়ি। বেড়াতে গিয়ে ফিরে এসে বাড়ির মালিক দেখেন তার বাড়িটি আর নেই। খোঁজ নিয়ে জানতে পারেন তার বাড়িটি ধ্বংস করে দেয়া হয়েছে। খবর হাফিংটন পোস্টের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটেছে দুর্ভাগ্যজনক এ ঘটনা। ডেভিড আন্ডারউড তার স্ত্রীকে নিয়ে এসে তার বাড়ি খুঁজছেন। কিন্তু চিরচেনা সেই স্থানে তার বাড়িটি নেই। আছে কেবল বাড়ির ধ্বংসস্তূপ। অনেকক্ষণ ধরে বাড়ি না পেয়ে স্ত্রী বললো হয়তো বাড়িটি ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু আন্ডারউডের বিশ্বাস হয়নি। কিন্তু কয়েক ঘন্টা পরে স্ত্রীর কথাই সত্যি প্রমাণিত হলো। আশেপাশের লোকজন জানালেন, শহরের কর্তা ব্যক্তিরা বাড়িটি ধ্বংস করেছেন। শহরের সরকারি অফিস থেকে এজন্য দু:খ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংখ্যাগত ভুলের কারণেই বাড়িটি ধ্বংস করা হয়েছে। জানা গেছে, ৯৭০৮ নম্বরের বাড়িটি ধ্বংস করার কথা ছিল। কিন্তু ভুল করে ৯৭১৬ নম্বর বাড়িটি ধ্বংস করেন শ্রমিকরা। প্রতিবেশীরা কর্তা-ব্যক্তিদের এই ভুল ধরিয়ে দিলেও তারা সেটি শোনেননি। আর এর ফলে আন্ডারউডকে হারাতে হলো তার ৮২ হাজার মূল্যের বাড়িটিকে।