৯৬ বছর বয়সেও চোরকে প্রতিরোধ

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৪
৯৬ বছরেও চোরের কাছে হার মানেননি মারগেরাটা উলফ নামের এক নারী। ৫৪ বছর ধরে গড়া নিজের দোকানের ক্যাশ রক্ষা করেছেন তিনি। শত চেষ্টা করেও চোর তাকে দিয়ে ক্যাশ কাউন্টার খুলতে বাধ্য করতে পারেনি। সাহসিকতার এ নিদর্শনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের উইনকনসিনের মারসফিল্ড নামের এক এলাকায়। খবর হাফিংটন পোস্টের। মারগেরাটা উলফের পাশের এলাকার এক চোর মনে করেছিল বৃদ্ধার দোকানে চুরি করাটা সহজ হবে। কারণ তার বয়স অনেক। তিনি বাধা দিতে পারবেন না। ফলে স্বাভাবিকভাবেই তার ক্যাশ থেকে টাকা নিয়ে আসা যাবে। আর যে ভাবনা সেই কাজ। রাতেই ৫৪বছর ধরে তিলে তিলে গড়ে তোলা উলফের মুদি দোকানে হানা দেয় চোর। মুখোশ পরে ছুরি নিয়ে চুরি করতে আসে সে। এসে উলফকে তার দোকানের ক্যাশ কাউন্টার খুলতে চাপ দেয়। এ সময় উলফ বলেন, যতোই চেষ্টা করো না কেন আমি ক্যাশ কাউন্টার খুলবো না। চোর ছুরি দিয়ে ভয় দিলেও ভীত না হয়ে উল্টো প্রতিবাদ করেন উলফ। চোর বলে, তুমি দোকানের পেছনে গিয়ে হাঁটাহাঁটি কর। কিন্তু উলফ বলেন, আমি কোথাও যাব না। এখানেই আছি। চোর যখন ক্যাশ কাউন্টারের দিকে যায়, তখন উলফ বলেন, আমি বোতাম টিপলেই লোকজন এসে যাবে। আর তখন চোর ভীত হলো এবং এদিক-ওদিক তাকালো। সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকাল এবং ছুরিটি পকেটে ভরে পালিয়ে গেল। মারসফিল্ডের পুলিশ লে:ড্যারেন লারসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।