জনগণই হরতাল প্রতিহত করছে

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৮
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ আর হরতালকারীদের কাছে কাকুতি-মিনতি করবে না। ইতিমধ্যে ব্যবসায়ী ও জনগণ নিজ উদ্যোগেই হরতাল প্রতিহত করতে শুরু করেছে। গতকাল চলমান হরতালে জনজীবন ও অর্থনীতির ক্ষয়ক্ষতি তুলে ধরতে এফবিসিসিআই আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এফবিসিসিআই সভাপতি বলেন, কয়েকদিনের হরতালের চিত্র দেখে আমি আশ্বস্ত হয়েছি। মানুষই হরতাল বন্ধ করে দিবে। আজও (গতকাল) রাস্তায় চিরচেনা যানজট দেখেছি।’ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আইন করে হরতাল বন্ধ না করায় ক্ষোভ প্রকাশ করে কাজী আকরাম বলেন, ‘ক্ষমতায় থাকলে বলেন হরতাল খারাপ আর ক্ষমতার বাইরে থাকলে এটা ছাড়া নাকি চলেই না।’ হরতালে যারা অগ্নিসংযোগ, প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে তাদের ছবি বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের ফুটেজে দেখা যায়। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে কি না আমরা বুঝতে পারছি না। এবারই প্রথম রমজানে পাল্টাপাল্টি হরতাল ডাকা হচ্ছে যা ‘উত্সবে’ পরিণত হয়েছে। তিনি বলেন, রজমান মাসের চলমান হরতাল, ভাঙচুর ও রাজনৈতিক অস্থিরতায় ঈদকেন্দ্রিক বাণিজ্যে বিপর্যয় নেমে আসার আশংকা সৃষ্টি হয়েছে। সেই সাথে টানা হরতালের কারণে রমজান মাসে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার ও এফবিসিসিআইয়ের উদ্যোগও অকার্যকর হয়ে যাচ্ছে। ভোগ্যপণ্যের পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এ জন্য নিত্যপণ্যের বাজার সহনীয় রাখা যাচ্ছে না। তিনি বলেন, এই মাসে গ্রামীণ অর্থনীতি সচল হয়। কোন কোন ব্যবসায়ীর সারা বছর যা বিক্রি হয় এই এক মাসে তার চেয়ে বেশি বিক্রি হয়। গত কয়েকদিনের হরতালের কারণে দোকান মালিক ও এই ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এটি অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলালউদ্দিন বলেন, রমজান মাস হওয়ায় দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে ঠিকই। কিন্তু ক্রেতা নেই। অন্যদিকে ভোগ্যপণ্য বাণিজ্যেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসের সংকুলান করা কষ্টসাধ্য হয়ে পড়বে। অন্যদিকে চলমান হরতালের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় উত্পাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলে রপ্তানিমুখিখাত, ব্যাংক, বীমা, পরিবহন, জনস্বাস্থ্য, মানবসম্পদসহ দেশের অর্থনৈতিক ভিত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মনোয়ারা হাকিম আলীসহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।