ডোমারে ছাত্রদল নেতা রাকিব হাসান পাপ্পুকে বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাপ্পু ডোমার সরকারি কলেজের ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ওই কলেজে বিএসএস প্রথম বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, গত বুধবার রাতে পাপ্পুকে উপজেলার বাগডোগরা মাহিগজ্ঞ গ্রামের আব্দুল হাকিম মুহুরির ছেলে কামরুজ্জামান সেবু মোবাইল ফোনে বটতলী বুড়ার ডোবা সংলগ্ন স্থানে ডেকে নিয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সেবু ধারালো অস্ত্র দিয়ে পাপ্পুর গলা কেটে তার মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় পাপ্পু তার তিন বন্ধুকে ফোন করে সাহায্যের আবেদন জানায়। মোটর সাইকেলযোগে তাকে স্থানীয় ডক্টরস ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নেয়া হয় ডোমার হাসপাতালে। পরে অ্যাম্বুুলেন্স যোগে পাপ্পুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পাপ্পু ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানুর ছোট ভাই চিকনমাটি এলাকার রেজাউল হক বেলালের ছেলে। ডোমার থানার অফিসার্স ইনচার্জ কফিল উদ্দিন বলেন, হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।
