সম্প্রতিক সময় পুলিশ বাহিনীর প্রাপ্তি অনেক (!)। বাহিনীর প্রধানের পদমর্যাদা সিনিয়র সচিব করা হয়েছে। ফিরিয়ে দেয়া হয়েছে র্যাংক ব্যাজও । এক লাখ ১১ হাজার জনবল থেকে বাড়িয়ে প্রায় দেড়লাখ করা হয়েছে। পুলিশের দীর্ঘদিনের দাবি ছিল আরও দুু’টি গ্রেড -১ পদ সৃষ্টি করা হোক। সেই দাবিকৃত পদ দুইটির ব্যাপারে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশ জারি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) পদ দুইটি সচিব পদ মর্যাদায় গ্রেড-১ পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা হলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ( প্রশাসন ও অপারেশন ) এ কে এম শহীদুল হক।
পুলিশ সদর দফতর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, পুলিশ বাহিনীতে ৭৩৩ ক্যাডারপদসহ ৩২ হাজার জনবল বাড়ানো হয়েছে। এক সময় পুলিশ প্রধানের র্যাংক ব্যাজ অবনমিত করা হয়েছিল। র্যাংক ব্যাজ ফিরিয়ে দেয়া হয়েছে। পুলিশ ইন্সপেক্টর পদকে প্রথম ও সাব-ইন্সপেক্টর পদকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। বাড়ানো হয়েছে ঝুঁকি ভাতা। রেশন প্রদানে সমতা প্রদান করা হয়েছে। এছাড়া কনস্টেবলদের টাইম স্কেল সংক্রান্ত জটিলতারও অবসান হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে শিল্প পুলিশ, এসপিবিএন ও পিবিআই ইউনিট। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, মেরিন পুলিশ ইউনিট গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে যুগোপযোগী করার চেষ্টা চলছে। পুলিশের প্রাপ্তি সম্পর্কে তিনি বলেন, পুলিশের যে প্রাপ্তিটা অযৌক্তিক নয়। পুরোপুরি যৌক্তিক।
