রমজানে দাঁতের যত্ন

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৪৩
রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান, ঢাকা রমজান মাস আমাদের জন্য পবিত্র ও রহমতের মাস। সঠিক ইবাদতের মাধ্যমে মুসলমানগণ এ মাসে তাদের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারে। পূর্ণ নিয়ম অনুযায়ী রোজা পালনের জন্য প্রয়োজন সুস্থ শরীর। আর দাঁত শরীরের অতি প্রয়োজনীয় অঙ্গ। অনেক সময় দেখা যায় দাঁতের তীব্র ব্যথা বা মাড়ি থেকে রক্ত পড়ার কারণে রোজার নিয়মে ব্যাঘাত ঘটে। রমজানের সময় যা করণীয় ১. দাঁত পরিষ্কারে নরম, নমনীয়, ছোট ও গোলাকার মাথার টুথব্রাশ দিয়ে পর্যাপ্ত ফ্লোরাইডযুক্ত টুথপেষ্ট নিয়ে সেহরীর পর অবশ্যই সময় নিয়ে দাঁত ব্রাশ করতে হবে। সে ক্ষেত্রে সেহরীর সময় নির্ধারণ করতে হবে এমন ভাবে যে সেহেরীর পর পর্যাপ্ত সময় পাওয়া যায়। ২. কৃত্রিম দাঁতকেও ভালোমত পরিষ্কার রাখুন। ৩. জিহ্বার উপর ব্রাশ দিয়েই ভালোভাবে পরিষ্কার করতে হবে। ৪. দুই দাঁতের মধ্যবর্তী স্থানে যদি খাবার আটকে থাকে সে ক্ষেত্রে ডেন্টাল ফ্লস নামক বিশেষ সুতা ব্যবহার বাঞ্ছনীয়। ৫. এন্টিব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ বাজারে পাওয়া যায়, যা নিয়ম অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। ৬. রোজা চলাকালিন সময়ে মেশওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করা সুন্নাত। খুব জোরে বা মুখের নরম অংশে আঘাত থেকে বিরত থাকতে হবে। আঙ্গুল দিয়ে মাড়ি মালিশ করতে হবে। ৭. ইফতারী ও সেহরীর মধ্যবর্তী সময়ে পর্যাপ্ত পরিমাণ দেশী-বিদেশী ফলের সাথে প্রচুর পানি পান করতে হবে। পানি পানের মাধ্যমে মুখের আদ্রর্তা রক্ষা পায়। ফলে অনেক রোগ প্রতিরোধ হয় ও মুখের দুর্গন্ধ কমে যায়। মুখে দুর্গন্ধ হওয়ার কারণ খাদ্যকনা জমে থাকা ও মুখের ব্যাকটেরিয়া দ্বারা সালফাইড ও অ্যামোনিয়া তৈরী হওয়া। শারীরিক রোগ যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ব্লাড প্রেসার, কিডনি রোগ, গ্যাষ্ট্রিক সমস্যা প্রভূতিতে ওষুধ সেবনের সময় সূচী চিকিত্সকের পরামর্শ মত পূণ:নির্ধারণ করে নিন। রোজার পূর্বেই দাঁতের সমস্যা সহ শরীরের অন্যান্য অঙ্গের সন্তোষজনক চিকিত্সা গ্রহণ করুন।