ভারতের তামিলনাড়ু রাজ্যের নেভেলি জেলার একটি সরকারি স্কুলে বিনামূল্যে দেয়া দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১৭০ ছাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যায় ১২ জনকে ছেড়ে দেয়া হয়। তবে কারোর অবস্থাই গুরুতর নয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এর আগে দেশটির বিহার রাজ্যের ছাপরা জেলায় মঙ্গলবার বিনামূল্যে দেয়া দুপুরের খাবার খেয়ে ২৩ ছাত্রের মৃত্যু হয়। ওই ঘটনায় রাজ্যটিতে ব্যাপক বিক্ষোভ হয়। বৃহস্পতিবার তামিলনাড়ুর স্কুলে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে এনডিটিভি জানায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্রীদের সবার বয়স ৯ থেকে ১৬। তারা আরো জানান, দুপুরের খাবারের সাথে দেয়া ডিমটি ভাল ছিল না।
জেলা কালেক্টর আর কিরলোস বলেন, “আমরা খাদ্যের নমুনা চেন্নাইয়ে সরকারি গবেষণাগারে পাঠিয়েছি। শিগগিরই প্রতিবেদন আসার পর জানতে পারবো কোথায় সমস্যা ছিল।” স্কুলের ছাত্রদের মধ্যে বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ বিশ্বের অন্যতম বড় কর্মসূচি। প্রায় ১২ কোটি ছাত্র এই কর্মসূচির আওতাধীন।
